ঐকমত্য কমিশনের বৈঠক থেকে সাময়িক ওয়াকআউট বিএনপির, ব্যাখ্যা দিলেন সালাহউদ্দিন
ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২০তম দিনের বৈঠক থেকে সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বৈঠক শুরুর কিছুক্ষণ পরই দলটি এই সিদ্ধান্ত নেয়।
বৈঠকের আলোচ্য দুটি বিষয়ের মধ্যে একটি ছিল সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ পদ্ধতি নিয়ে। কমিশনের প্রস্তাব অনুযায়ী এসব নিয়োগে কমিটি গঠনের পরিকল্পনার বিরোধিতা করে বিএনপি। দলটির দাবি, এই ব্যবস্থা কার্যকর হলে নির্বাহী বিভাগের ক্ষমতা ক্ষুণ্ন হবে এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় জটিলতা দেখা দিতে পারে।
বৈঠক থেকে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা মনে করি, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর জন্যে কমিটি গঠনের পরিবর্তে শক্তিশালী আইন করা উচিত। কারণ এসব বিষয়ে কমিটি করলে তা ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক ঝুঁকি তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে তিনটি জায়গায় সুরক্ষাব্যবস্থা রেখেছি যাতে ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র গড়ে ওঠার সুযোগ না থাকে। বিচার বিভাগের সংস্কার এগোচ্ছে, ফ্রিডম অব প্রেস প্রায় প্রতিষ্ঠিত হয়েছে—এসবই গণতন্ত্রের রক্ষাকবচ।
তিনি জানান, বিএনপির এই ওয়াকআউট সাময়িক এবং তারা আবার আলোচনায় ফিরবে। আমরা পরবর্তী আলোচনায় অংশ নিতে পারি এবং সেখানে আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করব,—বলেন সালাহউদ্দিন।
সূত্রঃ কালবেলা
