জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
ভিডিও বার্তায় হাসনাত আব্দুল্লাহ জানান, তার “হাসনাত আব্দুল্লাহ” নামের ব্যক্তিগত প্রোফাইলটি কয়েক দিন আগেই ডিজেবল করা হয়। তিনি বলেন, ভারতবিরোধী অবস্থান নেওয়ার পর দেওয়া কিছু পোস্টের বিরুদ্ধে কপিরাইট অভিযোগ আনা হয়, যার মাধ্যমে তার আইডিটি অকার্যকর করে দেওয়া হয়েছে। এর ফলে গত কয়েক দিন ধরে ভক্ত ও সমর্থকদের সঙ্গে তিনি যোগাযোগ রাখতে পারেননি বলেও উল্লেখ করেন।
তিনি আরও জানান, ব্যক্তিগত আইডি বন্ধ থাকায় এখন থেকে তিনি নিয়মিত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেই সক্রিয় থাকবেন। আগে এই পেজটি মূলত অ্যাডমিনদের মাধ্যমে পরিচালিত হতো।
সমর্থকদের উদ্দেশে তিনি অনুরোধ জানিয়ে বলেন, তার বক্তব্য ও সংবাদ সবার কাছে পৌঁছে দিতে পেজটি শেয়ার করার জন্য।
হাসনাত আব্দুল্লাহর ধারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী অবস্থানের কারণেই কপিরাইট অভিযোগের মাধ্যমে তার ব্যক্তিগত প্রোফাইলটি বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও তার ৩০ লাখ ফলোয়ারের অফিসিয়াল ফেসবুক পেজ হারান। তিনি জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া একটি পোস্টের পর ফেসবুক কর্তৃপক্ষ তার পেজটি রিমুভ করে।
২৬ ডিসেম্বর নিজের আরেকটি ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ওসমান হাদিকে সংশ্লিষ্ট পোস্ট ও ভিডিওগুলোতে স্ট্রাইক দিয়ে এবং সংঘবদ্ধভাবে রিপোর্ট করে তার অফিসিয়াল পেজটি সরিয়ে ফেলা হয়েছে। তিনি আরও দাবি করেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক শেয়ার করে সংগঠিতভাবে রিপোর্ট করা হয় এবং হাদিকে নিয়ে দেওয়া তিনটি ভিডিওতেই স্ট্রাইক দেওয়া হয়েছে।
সূত্রঃ আমার দেশ
