গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামী প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দিতে হবে।
রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাগঝাপা খেলার মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। কাশিয়ানী-মুকসুদপুরের জনগণকে ভোটের মাধ্যমেই এসব অপচেষ্টা রুখে দিতে হবে। আমাদের মা-বোনদের নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, গোপালগঞ্জ-১ আসনের মানুষের ভালো থাকার জন্য এবারের একটি ভোট বড় ভূমিকা রাখবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পরবর্তী পাঁচ বছরের ভাগ্য নির্ধারিত হবে।
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি। ক্ষমতায় গেলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে বিএনপিকে ভোট দিলে দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
দোয়া মাহফিলে সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল মামুন (নান্টু মুন্সী), কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী ওমর হোসেন, ইউপি সদস্য টলিটি ঠাকুর, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, গোপালগঞ্জ জেলা ওলামা দলের সহসভাপতি সফিকুল ইসলামসহ অনেকে।
এছাড়াও একই দিন সন্ধ্যায় কাশিয়ানী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং বিকেলে উপজেলার রাতইল ইউনিয়নবাসীর উদ্যোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঞ্জুরুল ইসলাম আঞ্জুর সভাপতিত্বে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানগুলোতে স্থানীয় বিএনপি, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে দরুদ ও ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।
সূত্রঃ কালবেলা
