আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট ব্যবস্থায় কোনো ধরনের কারচুপি বা একজনের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (১৯ জানুয়ারি) পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
ইসি সানাউল্লাহ বলেন, ফেস ডিটেকশন প্রযুক্তি ব্যবহারের ফলে পোস্টাল ব্যালটে ভোট প্রদানের ক্ষেত্রে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এতে একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ব্যালট নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যকে গুজব উল্লেখ করে এসব বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
তিনি আরও জানান, প্রবাসীদের সঠিক ঠিকানা না পাওয়ার কারণে মালয়েশিয়া থেকে প্রায় চার হাজার এবং ইতালি থেকে এক হাজার ছয়শ’ পোস্টাল ব্যালট ফেরত এসেছে।
সানাউল্লাহ বলেন, ঠিকানাজনিত সমস্যার কারণেই এসব ব্যালট সংশ্লিষ্ট প্রবাসীদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি।
সূত্রঃ একুশে
