আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানালেন ইশরাক

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি এই সিদ্ধান্তের জন্য সরকারকে সাধুবাদ জানিয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে মোহামেডান ক্লাব অডিটরিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাক হোসেন এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশের খেলোয়াড়দের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত একটি সময়োপযোগী ও সাহসী উদ্যোগ।

ইশরাক হোসেনের ভাষ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো রাজনৈতিক সংগঠন নয়; খেলোয়াড়দের সম্মান ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়েই বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি মনে করেন, বিসিবির পাঠানো চিঠিতে যে উদ্বেগের কথা বলা হয়েছে, তা পুরোপুরি যৌক্তিক।

তিনি আরও বলেন, জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান শুধু একজন খেলোয়াড় নন, তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি। তার প্রতি কোনো ধরনের অসম্মান মানে বাংলাদেশ ও দেশের জনগণের প্রতিও অসম্মান। এ কারণেই আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান।

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের আহ্বায়ক ইশরাক হোসেন ভবিষ্যতে বাংলাদেশের প্রতি কোনো আগ্রাসী বা অবমাননাকর আচরণ থেকে বিরত থাকতে সব রাষ্ট্র ও সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি ক্রীড়া খাতে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। ইশরাক বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে ক্রীড়া ও যুব উন্নয়নের ভিত্তি গড়ে উঠেছিল। বিএনপি ক্ষমতায় এলে ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে ক্রীড়া খাতকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা হবে।

তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে দেশের প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ স্থাপন করা হবে। পাশাপাশি সাফ গেমসকে পুনরুজ্জীবিত করে আঞ্চলিক ক্রীড়া ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে উদ্যোগ নেওয়া হবে।

সূত্রঃকালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *