স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে শাহবাগে বিক্ষোভ ও অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ব্লকেড শুরু করেন।

আন্দোলনকারীরা দাবি করেন, জুলাই যোদ্ধা ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঘটনার মূল পরিকল্পনাকারীদের এখনো গ্রেপ্তার করা হয়নি। এই ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেন তারা।

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাচেষ্টা মামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তাদের অভিযোগ, জনবিপ্লবকে ব্যাহত করতেই দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় এ পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান, মানবপাচার চক্রের দুই সহযোগী, প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীসহ আরও কয়েকজন।

সবশেষ রোববার রাতে ঢাকা ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়। তারা হলেন— ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়া। অভিযানে ফয়সালের স্বাক্ষর করা বিপুল সংখ্যক চেকবই ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হাদির এক স্বজন মামলাটি করেন। মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার এএসআই রকিবুল হাসান।

সূত্রঃ কালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *