সরকার গঠন করলে নারীদের ফ্যামিলি কার্ড চালু করবে বিএনপি: সেলিমুজ্জামান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য বিশেষ ফ্যামিলি কার্ড চালু করা হবে। একই সঙ্গে রেশন কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের ব্যবস্থাও করা হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মুকসুদপুর বিএনপি কার্যালয়ে পৌর মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে দেশের জনগণের সরাসরি ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, একটি ভোটই আগামী পাঁচ বছর মুকসুদপুর–কাশিয়ানীর ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই ভোটকে পবিত্র আমানত হিসেবে রক্ষা করতে হবে।

সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, ভোটের দিন সবাইকে কেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে হবে এবং অন্যদেরও ধানের শীষ প্রতীকে ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে।

নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নারীদের জন্য অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। পাশাপাশি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় গঠন এবং নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছিলেন।

বর্তমান ও পূর্ববর্তী নির্বাচনগুলোর সমালোচনা করে তিনি বলেন, ২০১৪ সালে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি, ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে এবং ২০২৪ সালে একটি সাজানো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রায় সব প্রার্থীই একটি নির্দিষ্ট দলের ছিল।

মুকসুদপুর পৌর মহিলা দলের সভানেত্রী নিশাত জাহানের সভাপতিত্বে এবং মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন—মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র মো. সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সূত্রঃ কালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *