রুহুল কবির রিজভী বলেছেন, চাঁদাবাজ ও দখলকারীরা বিএনপির সদস্যপদ পাওয়ার যোগ্য নন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সমাজে যারা চাঁদাবাজি, ভয়ভীতি ছড়ানো, নদীর বালু বা অন্যের জমি দখলের মতো কাজে জড়িত—তারা বিএনপির সদস্য হতে পারবেন না।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নরসিংদীর মাধবদীর একটি রিসোর্টে জেলা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বিএনপিতে স্থান পাবেন কেবল সমাজের সৎ ও সজ্জন মানুষ—শিক্ষক, কৃষক, অবসরপ্রাপ্ত কর্মকর্তা কিংবা সাধারণ নাগরিকরা। কিন্তু শেখ হাসিনার শাসনামলে যারা হত্যা, নির্যাতন বা রক্তপাতের সঙ্গে যুক্ত ছিলেন, তারা দলে যোগ দিতে পারবেন না। শেখ হাসিনা দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন।

আগামী নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, রাজপথে সামনে সহজ লড়াই থাকবে না; আমাদের অনেক বাধা-বিপত্তি পেরোতে হবে।

জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে রিজভী বলেন, চব্বিশের আন্দোলনে তারা অংশ নিলেও এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের বক্তব্য এখন শেখ হাসিনার সঙ্গে মিলে যাচ্ছে। যদি নির্বাচনে বাধা পেয়ে পিছু হটতে হয়, তাহলে পালিয়ে যাওয়া দলের সঙ্গে তাদের পার্থক্য কোথায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *