রাজনৈতিক দলগুলোরও উচিত ভিন্নমত বা একই ধরনের মন্তব্য গ্রহণের মানসিকতা গড়ে তোলা: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রশ্ন ও সমালোচনাকে ‘গণতান্ত্রিক অগ্রগতি’ হিসেবে দেখছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তবে তিনি মনে করেন, রাজনৈতিক দলগুলোরও উচিত সমানভাবে সমালোচনা গ্রহণের মানসিকতা রাখা। আজ বুধবার (১৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলের শীর্ষ নেতারা। তাদের অভিযোগ, কিছু উপদেষ্টার বক্তব্য, কার্যক্রম ও প্রশাসনিক পদায়নে পক্ষপাতের লক্ষণ দেখা যাচ্ছে, যা সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।

এদিকে জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা ষড়যন্ত্রে জড়িত, যার প্রমাণস্বরূপ তাঁদের নাম ও কণ্ঠ রেকর্ড তার কাছে রয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব মন্তব্য করেন। তিনি আরও দাবি করেন, উপদেষ্টারা কী ধরনের বক্তব্য সভায় দিচ্ছেন, সে সম্পর্কেও তিনি অবগত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, অনেক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগসাজশ করেছেন এবং ‘সেফ এক্সিট’ (নিরাপদ প্রস্থান) নিয়ে ভাবছেন।

এই সব প্রসঙ্গে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক আসিফ নজরুল বলেন, বর্তমানে উপদেষ্টাদের নিয়ে নানা মহল থেকে প্রশ্ন তোলা ও হুমকি দেওয়া হচ্ছে, যা একসময় সম্ভব ছিল না। আগে সরকার সংশ্লিষ্টরা রাজনৈতিক দলগুলোকে হুমকি দিতেন। এখন আমরা উল্টোটা দেখছি—সরকারি উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোর সমালোচনার লক্ষ্যবস্তু হচ্ছেন। এটাও গণতান্ত্রিক চর্চারই অংশ, এক ধরনের অগ্রগতি বলা যায়। তবে রাজনৈতিক দলগুলোর প্রতি আমার পরামর্শ, যখন আপনাদের দিকেও অনুরূপ সমালোচনা আসে, তখন তা সহ্য করার মানসিকতা আপনাদেরও থাকতে হবে।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *