হিন্দুস্তান নয়, দেশের সিদ্ধান্ত নেবে জনগণ: জাগপা নেতা রাশেদ প্রধান
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলের মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের জনগণ, দিল্লি নয়। হিন্দুস্তানের প্রভাব বা দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতি আর চলতে দেওয়া হবে না।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর বিজয়নগর-পল্টন এলাকায় ৭ দফা দাবিতে জাগপার বিক্ষোভ মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
রাশেদ প্রধান বলেন, দেশের মানুষ এখন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায়। অথচ তখন সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে। যদি গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে সব বিষয়ে সংবিধান মানা হয়, তবে এই অন্তর্বর্তী সরকারও সংবিধানবহির্ভূত—অবৈধ।
তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, এক সময় তত্ত্বাবধায়ক সরকারে রাজি ছিল না তারা, পরে আন্দোলন করেছে। এখন পিআর পদ্ধতির বিরোধিতা করছে, তবে দেখা যাবে এটাকেও কেন্দ্র করে আন্দোলনে নামবে। গণভোটেও শুরুতে তারা রাজি ছিল না, এখন রাজি হয়েছে। গণভোট যদি নির্বাচনের দিনেই হয়, তাহলে নানা প্রশ্নের কারণে ভোটগ্রহণে জটিলতা তৈরি হবে। তাই ডিসেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে।
আওয়ামী লীগের বিচার শুরু করেছেন, এবার ১৪ দল ও জাপার পালা
সমাবেশে রাশেদ প্রধান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগের বিচার শুরু করেছেন, ধন্যবাদ। এবার জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের বিচারও শুরু করুন এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করুন। একইসঙ্গে ২০০৭ সালের ‘জুলাই সনদের’ আইনি ভিত্তি নিশ্চিত করুন।
তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন হতে হবে একটি লেভেল প্লেয়িং ফিল্ডে, পিআর পদ্ধতিতে, এবং ভারতের হস্তক্ষেপমুক্ত পরিবেশে।
বিভাগীয় শহরে জাগপার বিক্ষোভ
৭ দফা দাবিতে ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরেও জাগপার বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
- চট্টগ্রামে নেতৃত্ব দেন প্রেসিডিয়াম সদস্য এ এম এম আনাছ,
- খুলনায় মো. নিজামদ্দিন অমিত,
- রাজশাহীতে মো. শামীম আক্তার পাইলট,
- সিলেটে সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ লিটন,
- ময়মনসিংহে প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার,
- বরিশালে জেলা সমন্বয়ক নান্নু হাওলাদার
- এবং রংপুরে মাসুম বিল্লাহ নেতৃত্ব দেন।
ঢাকার সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, মুক্তিযোদ্ধা সৈয়দ মো. সফিকুল ইসলাম, মহানগর সভাপতি শ্যামল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুল, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন এবং যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রমুখ।
সূত্রঃ আমার দেশ
