ইশরাকের সঙ্গে বাগদান: হবু স্ত্রীর ফেসবুক স্ট্যাটাসে নিশ্চিত বার্তা

ইশরাক–নুসরাতের বাগদান, জানালেন হবু স্ত্রী নিজেই

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাগদান সম্পন্ন করেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন তার হবু স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নুসরাত খান লেখেন,
আনন্দের সঙ্গে জানাচ্ছি, গতকাল বারিধারায় আমাদের বাসভবনে এক ছোট্ট পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে আমার সঙ্গে ইশরাক হোসাইনের বাগদান সম্পন্ন হয়েছে।
তিনি আরও লেখেন, সকলের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের বিয়ে আগামী বছর উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ। সেই আনন্দঘন মুহূর্ত আপনাদের সবার সঙ্গে উদযাপন করার অপেক্ষায় আছি। আমাদের উভয় পরিবারের জন্য দোয়া কামনা করছি।

এর আগে শুক্রবার (১০ অক্টোবর) রাতে ইশরাক হোসেনের বাগদানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, ইশরাক হোসেন পারিবারিকভাবে আংটি পরিয়েছেন নুসরাত খানকে।

ইশরাক হোসেনের মা ইসমত হোসেনও জানিয়েছেন, বাগদান অনুষ্ঠানটি হঠাৎ করেই পারিবারিকভাবে আয়োজন করা হয় এবং সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

কে এই নুসরাত খান?

বাগদত্তা নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে। তিনি পেশায় একজন ব্যারিস্টার।

ইশরাক হোসেনের পরিচিতি

১৯৮৭ সালের ৫ এপ্রিল জন্মগ্রহণ করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তার শৈশব ও বেড়ে ওঠা রাজধানী ঢাকাতেই। স্কলাস্টিকা স্কুল থেকে ‘ও’ এবং ‘এ’ লেভেল শেষ করে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

পড়াশোনা শেষে ২০১১ সালে যুক্তরাজ্যে থেকে কিছুদিন মোটরগাড়ি খাতে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। দেশে ফিরে বর্তমানে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার পিতা প্রয়াত সাদেক হোসেন খোকা ছিলেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির শীর্ষস্থানীয় নেতা। বাবার পথ ধরেই ইশরাক হোসেন সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।

সূত্রঃ কালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *