আবাসিক ভবনে তেল সংরক্ষণ করায় ব্যবসায়ীকে জরিমানা

শেরপুর শহরের একটি আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে ২৫ হাজার লিটার ধারণক্ষমতার ট্যাংকে ডিজেল মজুত রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি একদিনের মধ্যে মজুত তেল ও ট্যাংক অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) গভীর রাতে শহরের গোপালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত ও বিক্রি করে আসছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেরপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই দাহ্য পদার্থ মজুত রাখার দায়ে ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয় এবং দ্রুত তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, বিধি লঙ্ঘন করে দাহ্য পদার্থ সংরক্ষণ ও বিক্রির কারণে এ জরিমানা করা হয়েছে। আবাসিক এলাকার নিরাপত্তা বিবেচনায় আগামী দিনের মধ্যেই ডিজেল সরিয়ে ফেলতে হবে এবং পুরো প্রক্রিয়াটি প্রশাসনের নজরদারিতে সম্পন্ন হবে।

এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য লাইসেন্সও যাচাই করা হচ্ছে বলে তিনি জানান।

সূত্রঃ কালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *