ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা ভারতে প্রবেশ করলে তাদের আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে ঢাকা। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে আনুষ্ঠানিকভাবে বার্তা দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৪ ডিসেম্বর) সকালে প্রণয় ভার্মাকে তলব করা হয়। বৈঠকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রমে উসকানি দেওয়ার সুযোগ দেওয়ার অভিযোগ তোলে ঢাকা। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র নিয়েও ভারতের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন ইস্যুতে এ নিয়ে অন্তত পাঁচবার ভারতীয় হাইকমিশনারকে তলব করা হলো।
এদিকে, হামলায় গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি বলে জানা গেছে। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে গুলির শব্দ শোনা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই একটি মোটরসাইকেলে থাকা দুই যুবক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশের তথ্যমতে, তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা সেখানে আসে এবং এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে রিকশাযোগে চলমান ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
সূত্রঃ ইত্তেফাক
