ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে সামনে রেখে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকেই কমিশন ভবনের সামনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়। ভবনের সামনের রাস্তা আংশিকভাবে বন্ধ করে লোহার ব্যারিকেড বসানো হয়েছে, পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলও সীমিত করা হয়েছে।
প্রধান সড়ক থেকে নির্বাচন ভবনে প্রবেশের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় যাচাইয়ে কঠোরতা আরোপ করেছে—পরিচয় নিশ্চিত না হলে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বেসরকারি গণমাধ্যমে তফসিল ঘোষণা সম্প্রচার করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরুদ্দিন তফসিলটি ঘোষণা করবেন।
তফসিলে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ, মনোনয়নপত্র উত্তোলন, দাখিল ও প্রত্যাহারের সময়সূচি, প্রার্থীদের আচরণবিধি এবং ভোটারদের জন্য নির্দেশনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ থাকবে।
সূত্রঃ ইত্তেফাক
