বাংলাদেশ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই অভ্যুত্থনের মাধ্যমে বাংলাদেশ তার হারানো সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠী আয়োজিত চার দিনব্যাপী ‘জুলাই জাগরণ কালচারাল ফেস্ট’–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
ফারুকী বলেন, জুলাই ছিল বৈষম্যের বিরুদ্ধে এক দুঃসাহসী বিস্ফোরণ, প্রতিবাদের জোরালো উচ্চারণ। এটি শুধু একটি সময় নয়—জুলাই আজ আমাদের চেতনা, আমাদের প্রেরণার প্রতীক।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ে তরুণরা রক্তস্নাত মাটিতে মুক্তির বীজ বপণ করেছে। তারা জানিয়ে দিয়েছে—জীবন যেখানে দ্রোহের সমার্থক, সেখানে মৃত্যুই শেষ নয়।
সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, জুলাইয়ের সাহসী তরুণরা দেশজ সংস্কৃতির পক্ষ নিয়ে ফ্যাসিস্ট কালচারাল আধিপত্য ভেঙে দিয়েছে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশি সংস্কৃতির বিকাশ ঘটানোর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, মুজিববাদকে প্রতিহত করতে হলে আমাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের ভিত্তিতেই সামনে এগোতে হবে।
চার দিনব্যাপী এই আয়োজনে রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা, চলচ্চিত্র প্রদর্শনী, স্মৃতিচারণা, স্টল, গ্রাফিতি অঙ্কনসহ নানা আয়োজন।
সূত্রঃ ইত্তেফাক
