ইরানের বাঁধ, বন্দর কিংবা বিদ্যুৎকেন্দ্রের আশপাশে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কোনো সামরিক ঘাঁটি থাকলে সেগুলোকে সামরিক কাজে ব্যবহৃত ‘দ্বৈত উদ্দেশ্যের অবকাঠামো’ হিসেবে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এ সতর্কবার্তা দেন। ওই প্রতিবেদনে কয়েকজন বিশ্লেষকের বরাত দিয়ে দাবি করা হয়, ইরানের কিছু বাঁধ দেশটির ক্ষেপণাস্ত্র স্থাপনায় ব্যবহারের বিষয়টি মাথায় রেখে নির্মাণ করা হয়ে থাকতে পারে।
প্রতিবেদনটির জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ‘বেসামরিক অবকাঠামোয় হামলার পরবর্তী ধাপের প্রস্তুতি নিচ্ছে তারা। তাদের “বিশেষজ্ঞরা” নিউইয়র্ক টাইমসকে বলছেন, ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর কাছের বাঁধগুলো দ্বৈত উদ্দেশ্যে ব্যবহৃত হয়।’
গালিবাফের এই বক্তব্যকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিরুদ্ধে তেহরানের পাল্টা সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
তার বক্তব্য অনুযায়ী, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে মার্কিন ও ইসরাইলি সামরিক ঘাঁটির কাছাকাছি থাকা বাঁধ, বন্দর এবং বিদ্যুৎকেন্দ্রকেও একই যুক্তিতে সামরিক কাজে ব্যবহৃত স্থাপনা হিসেবে বিবেচনা করতে পারে ইরান।
