ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার পর গণপিটুনিতে প্রাণ গেল অভিযুক্তের

ময়মনসিংহে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মেহেদী সওদাগরের বিরুদ্ধে। এ ঘটনার পর রোববার (১৫ নভেম্বর) রাতেই বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নিহত হন অভিযুক্ত মেহেদী। পরে তার বসতবাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অন্যদিকে, নিহত সুরুজ জামানের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি।

রোববার এশার নামাজের পর চার বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে ময়মনসিংহ সদর উপজেলার মধ্য বাড়েরা বাজারে যান ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামান। এ সময় মেয়ের সামনেই তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ রয়েছে ছাত্রলীগ নেতা মেহেদীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় সুরুজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিহতের বড় ভাই নোমান কাউছার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসার বিষয়টি তুলে ধরেন। অন্যদিকে, ছেলের হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তার বাবা আবু বকর সিদ্দিক।

এদিকে সুরুজ জামান হত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন বাজারের একটি বাথরুমে অভিযুক্ত মেহেদীকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। পরে ক্ষুব্ধ জনতা তার বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ঘটনার পর থেকে মধ্য বাড়েরা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *