রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সোমবার কঠোর নিরাপত্তার মধ্যে কারাগার থেকে প্রথমে ১০ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে দুপুর ১২টা ১ মিনিটে মামলার আরেক আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাজির করা হয়।
এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের শুনানির দিন নির্ধারিত রয়েছে। শেখ হাসিনাসহ এ মামলার ৪১ আসামির বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করছেন তাদের আইনজীবীরা।
ট্রাইব্যুনালে হাজির হওয়া ১১ আসামি হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং প্রতিষ্ঠানটির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।
প্রিজন ভ্যান থেকে নামানোর পর দীপু মনি, ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া বাকি আসামিদের হাতে হাতকড়া দেখা যায়। পরে তাদের বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। এ সময় হাসানুল হক ইনু ও আবদুল লতিফ সিদ্দিকীসহ অধিকাংশ আসামিকে গম্ভীর মুখে দেখা গেলেও শামসুল হক টুকুকে হাস্যোজ্জ্বল দেখা যায়।
১২ নভেম্বর বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন
গত ১২ নভেম্বর মামলার ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচারকাজ শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ অনুষ্ঠিত শুনানিতে তিনি আসামিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিস্তারিত তুলে ধরেন এবং অভিযোগ গঠনের পক্ষে যুক্তি দেন।
রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামিপক্ষের বক্তব্য শোনার জন্য ১৬ নভেম্বর তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। সেই অনুযায়ী আজ আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গত ১ নভেম্বর শুনানির দিন থাকলেও সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক অসুস্থ হয়ে পড়ায় সেদিনের কার্যক্রম স্থগিত করা হয়েছিল।
মামলায় রয়েছে দুটি মূল অভিযোগ
প্রসিকিউশনের আনা অভিযোগে দুটি ঘটনাকে বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৩২ জন নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা তুলে ধরা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ এনেছে প্রসিকিউশন। তবে অভিযোগগুলোর বিষয়ে এখনো বিচারিক প্রক্রিয়া চলমান।
৪১ আসামির ১১ জন কারাগারে, পলাতক ৩০
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এ মামলায় মোট আসামির সংখ্যা ৪১। তাদের মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। অপর ৩০ জনকে পলাতক ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৭ জুলাই ট্রাইব্যুনাল-২ এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। এরপর পলাতক আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দিয়ে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে তারা হাজির না হওয়ায় গত ১৬ সেপ্টেম্বর তাদের পলাতক ঘোষণা করেন ট্রাইব্যুনাল।
