গোপালগঞ্জের সহিংসতা ও তাণ্ডবের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করলেন সাদিক কায়েম

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও তাণ্ডবের ঘটনায় আওয়ামী লীগের সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি মন্তব্য করেছেন, সুযোগ পেলে আওয়ামী লীগ এভাবেই বাংলাদেশের মানুষের ওপর প্রতিশোধ নিতে চায়। সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জের সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে সাদিক কায়েম তার পোস্টে লেখেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের যে তাণ্ডব ও সহিংসতা দেখা গেছে, সেটিই দলটির প্রকৃত রূপ। সুযোগ পেলে তারা বাংলাদেশের জনগণের ওপর এভাবেই প্রতিশোধ নিতে চায়।

এদিকে গোপালগঞ্জের পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে বর্তমান সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ডাকসু ভিপি। তিনি বলেন, সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকারের যে ব্যর্থতা প্রকাশ পেয়েছে, তা রাষ্ট্র পরিচালনায় তাদের সক্ষমতারই নমুনা।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান এবং সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা নিয়ে সরকারের কাছে জবাবদিহি দাবি করেন সাদিক কায়েম। তিনি জানতে চান, গত কয়েক দিনে সারা দেশে আওয়ামী লীগের কতজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে? নাশকতায় আহত ব্যক্তিদের চিকিৎসা এবং নিহতদের পরিবারের সহায়তায় রাষ্ট্রের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *