ভারতের অনুরোধে হাসিনার পুনর্বিচারের কোনো আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পুনর্বিচার চেয়ে ভারতের যে অবস্থান, তার কোনো আইনগত ভিত্তি বা সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ভারতের এমন দাবিকে প্রত্যাখ্যান করছে বাংলাদেশ।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, বিদেশি সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া পুনরায় পরিচালনা এবং আপিলের সুযোগ দেওয়ার বিষয়ে ভারত আগ্রহ প্রকাশ করেছে। এর জবাবে চিফ প্রসিকিউটর নিজের অবস্থান তুলে ধরেন।

আমিনুল ইসলাম বলেন, কোনো একটি দেশ চাইছে, বাংলাদেশে শেখ হাসিনার বিচার সম্পন্ন হওয়ার পরও যেন নতুন করে আরেকটি বিচার করা হয়। আইনের ভাষায় একে ‘ডি নোভো ট্রায়াল’ বলা হয়, যার অর্থ নতুন করে বিচার কার্যক্রম শুরু করা। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে একসময় এ ধরনের বিচারব্যবস্থা থাকলেও পরবর্তী সময়ে তিন দেশের বিচারিক কাঠামো থেকেই তা বাতিল করা হয়েছে।

তিনি বলেন, ভারত নিজের দেশে যে বিচারপ্রক্রিয়ার চর্চা করে না, সেই পদ্ধতি অনুসরণের পরামর্শ অন্য একটি দেশকে দিচ্ছে। বাংলাদেশে নতুন করে বিচার শুরুর কোনো বিধান নেই। এখানে কেবল আপিলের সুযোগ রয়েছে।

ভারতের অবস্থানের সমালোচনা করে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত ভারত অবগত ছিল। তিনি আরও বলেন, ভারত যখন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, তখন কেন তাকে বাংলাদেশে ফিরে এসে বিচার মোকাবিলা কিংবা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার পরামর্শ দেওয়া হয়নি? বিচার ও আপিলের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর এখন পুনর্বিচারের পরামর্শ দেওয়ার যৌক্তিকতা নেই। এ ধরনের দাবিকে তারা প্রত্যাখ্যান করছেন। একই বিষয়ে দ্বিতীয়বার বিচার করার আইনগত সুযোগও নেই।

শেখ হাসিনার আপিলের সুযোগ দেওয়া সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, আপিলের সুযোগ তৈরি করার ক্ষমতা সরকারেরও নেই, তার নিজেরও নেই। কারণ, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য আইনই চূড়ান্ত।

তিনি উল্লেখ করেন, ১৯৭৩ সালে আওয়ামী লীগ সরকারই আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন প্রণয়ন করেছিল। সেই আইনের ভিত্তিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ২০১০ সালে ওই সরকারই বিচার পরিচালনার জন্য রুলস অব প্রসিডিউর প্রণয়ন করে। ২০২৪ সালের আগ পর্যন্ত আওয়ামী লীগ সরকার এই আইন ও বিধিমালা ব্যবহার করেই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা করেছে।

চিফ প্রসিকিউটর বলেন, বর্তমান বিচারপ্রক্রিয়ায় আপিলের বিধান নিয়ে কোনো পরিবর্তন আনা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *