আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও খুনের মতো মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ভবিষ্যতে আর হাতকড়া ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার জাতীয় সংসদের অধিবেশনে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন। গত বৃহস্পতিবার জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার প্রসঙ্গ তুলে তিনি আইনমন্ত্রীর কাছে এর ব্যাখ্যা চান।
সংসদে তাহসিনা রুশদী বলেন, অসংখ্য গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন এবং তার বিচার কার্যক্রম চলমান। তবে ট্রাইব্যুনালে নেওয়ার সময় তার অঙ্গভঙ্গি ও আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দ ভ্রমণে বের হয়েছেন। অন্যদিকে, তার সঙ্গে থাকা পুলিশ সদস্যদের আচরণ দেখে মনে হয়েছে, তারা তার নিরাপত্তা বা প্রটোকলের দায়িত্বে রয়েছেন।
উল্লেখ্য, সংসদ সদস্য তাহসিনা রুশদীর স্বামী বিএনপি নেতা ইলিয়াস আলীও গুমের শিকার হয়েছিলেন। জিয়াউল আহসানের বিরুদ্ধে তাকে গুম করার অভিযোগ রয়েছে।
তাহসিনা রুশদী বলেন, ‘এত বড় একজন অপরাধীকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়াই ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনায় আমরা মর্মাহত হয়েছি। হাতকড়া পরতে অস্বীকৃতি জানানো সত্ত্বেও তাকে সেভাবে না নিয়ে যাওয়ায় আমার মতো অনেক ভুক্তভোগী পরিবার উদ্বিগ্ন ও আতঙ্কিত। সরকার কি তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, নাকি তার প্রতি বিশেষ কোনো মানবিকতা দেখানো হচ্ছে—এ বিষয়ে আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাই।’
পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডারের আওতাভুক্ত না হলেও গুরুত্বপূর্ণ হওয়ায় আইনমন্ত্রী চাইলে এর জবাব দিতে পারেন অথবা এ বিষয়ে নোটিশ চাইতে পারেন।
জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার জন্য জিয়াউল আহসানকে কারাগার থেকে নেওয়ার ছবিটি তার নজরেও এসেছে।
তিনি বলেন, ‘তাকে আদালত পর্যন্ত পৌঁছে দেওয়ার বিষয়টি সরাসরি আইনমন্ত্রীর এখতিয়ারের মধ্যে পড়ে না। তারপরও বিষয়টি আমাদের নজরে আসার পর পরবর্তী সময়ে তাকে যেভাবে একজন কুখ্যাত অপরাধীকে নেওয়া প্রয়োজন, সেভাবেই ফেরত পাঠানো হয়েছে।’
আইনমন্ত্রী আরও আশ্বস্ত করেন, ভবিষ্যতে আদালত প্রাঙ্গণে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি হবে না।
এ সময় ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়েও আশ্বাস দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
