প্রধানমন্ত্রী: নির্দিষ্ট একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করতেই স্বাস্থ্য খাত দুর্বল করেছিল স্বৈরাচার

বিগত দেড় দশকের শাসনামলে জনগণকে একটি নির্দিষ্ট দেশে চিকিৎসা নিতে বাধ্য করার লক্ষ্যেই পরিকল্পিতভাবে দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানি খাতকে বিদেশের ওপর নির্ভরশীল করে তোলা হয়েছিল। জনগণের কল্যাণে দেশের খনিজ সম্পদ ব্যবহার না করে আমদানিনির্ভরতা বাড়ানো হয়। পাশাপাশি পরিকল্পিত নীতির মাধ্যমে দেশীয় শিল্পের বিকাশের পথও বাধাগ্রস্ত করা হয়েছিল।

স্বাস্থ্য খাতের পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একইভাবে পরিকল্পিতভাবে দেশের চিকিৎসাব্যবস্থাকে দুর্বল করে দেওয়া হয়েছিল। অতীতে গণতান্ত্রিক সরকারগুলোর সময়ে গ্রামীণ স্বাস্থ্যসেবার যে অবকাঠামো গড়ে উঠেছিল, পরবর্তী সময়ে তা নষ্ট করা হয়। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যাতে দেশের মানুষ চিকিৎসার জন্য বাধ্য হয়ে একটি বিশেষ দেশের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এ বিষয়ে সম্প্রতি সংসদে বিরোধীদলীয় নেতাও চিকিৎসাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।

বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগের কথা জানান।

তিনি বলেন, শ্রমজীবী মানুষের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে প্রাথমিকভাবে দেশের ছয়টি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, হাসপাতালগুলো টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে নির্মাণ করা হবে। এসব হাসপাতাল বিশেষভাবে শ্রমিকদের চিকিৎসাসেবার জন্য পরিচালিত হবে। সে অনুযায়ী হাসপাতালগুলোর অবকাঠামো ও নামকরণ নির্ধারণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *