ঢাবির সঙ্গে সম্পর্কের ইতি, চূড়ান্তভাবে পৃথক হলো সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে থাকা সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের যাবতীয় তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার্থীদের প্রশাসনিক ও একাডেমিক তথ্যের আনুষ্ঠানিক হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হলো।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানের কাছে এসব তথ্য-উপাত্ত তুলে দেন।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সার্বিক সাফল্য কামনা করেন। তিনি বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের ফলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। নতুন এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অন্যদিকে, দ্রুততম সময়ে শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত হস্তান্তর করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক।

এ ছাড়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সালমা বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বোরহান উদ্দিন এবং রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *