বিসিবিতে আত্মীয়প্রীতি বা পারিবারিক প্রভাবের ভিত্তিতে কোনো কমিটি গঠন করা হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটি দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এবং বিষয়টি জাতীয় সংসদেও আলোচিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তামিম ইকবালের নেতৃত্বে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তিনি একজন পেশাদার খেলোয়াড় এবং এই কমিটি গঠনে কোনো ধরনের পারিবারিক প্রভাব বা স্বজনপ্রীতি কাজ করেনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, দেশের ক্লাবগুলো ও ক্রিকেট বোর্ডে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টার প্রভাব ছিল। বিষয়টি তদন্তের পর বর্তমান সরকার বোর্ড ভেঙে দেয় এবং পরবর্তীতে তামিম ইকবালের নেতৃত্বে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এর আগে হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন, বিসিবি এখন আগের মতো স্বাধীন নয়, এটি যেন ‘বাপের দোয়া’ নির্ভর প্রতিষ্ঠান হয়ে গেছে।

সূত্রঃ কালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *