দল ঐক্যহীন হলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে বলে সতর্ক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সচেতন ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এখানে ব্যক্তি নয়, দলের প্রতীকই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধানের শীষকে শক্তিশালী করাটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।
তিনি আরও বলেন, সামনে কঠিন সময় আসছে—এ অবস্থায় দল বিভক্ত হলে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হতে পারে। আন্দোলন চলাকালে যেভাবে জনগণকে পাশে আনা হয়েছিল, ঠিক একইভাবে ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়নেও সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমানে দেশে এমন এক প্রচারণা চলছে যেখানে একজন বিশেষ ব্যক্তি ভালো—আর বাকিরা খারাপ। এই প্রবণতা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক।
তিনি যোগ করেন, গত ১৬ বছর একটি দল নিজেদের ভালো এবং অন্যদের খারাপ বলে প্রচার চালিয়েছে। ৫ তারিখের পরও সেই মানসিকতার তেমন পরিবর্তন চোখে পড়ছে না। এখনো একই ধারার প্রচারণা চলছে, যা পরিবর্তন করা খুব জরুরি।
দেশের অর্থনৈতিক পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতি এখন চরম দুরবস্থায়। এই অবস্থা থেকে উত্তরণে জনগণের অংশগ্রহণ ছাড়া কোনোভাবেই সমাধান সম্ভব নয়।
সূত্রঃ একুশে
