মারধর ও হুমকির অভিযোগে তাসকিনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি, অভিযোগ অস্বীকার ক্রিকেটারের
জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রোববার (২৭ জুলাই) মিরপুর-১ এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন অভিযোগকারী সিফাতুর রহমান সৌরভ। ঘটনার পরদিন রাতেই তিনি মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
থানা সূত্রে জানা গেছে, সৌরভের সঙ্গে তাসকিনের পূর্বে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তবে অভিযোগের বিষয়ে সাফ অস্বীকার করেছেন এই টাইগার পেসার। এক সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি ব্যস্ত ছিলাম বাসা পরিবর্তন নিয়ে। কাউকে মারিনি। বরং তারা আমার নামে মিথ্যা অভিযোগ তুলে আমাকে বিব্রত করতে চাইছে।
পাল্টা অভিযোগ করে তাসকিন আরও জানান, আমার বন্ধু রসি নামে একজনকে ওরা মারধর করেছে। সে কারণে আমি মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করেছিলাম। পুলিশ গিয়ে ওদের খুঁজেছে। তাই এরা আমার বিরুদ্ধে উল্টো জিডি করেছে।
ঘটনার পটভূমি তুলে ধরে তাসকিন বলেন, সৌরভের খালা আমার বাবাকে ফোন দিয়ে বিচার দেয়। অথচ আমার বাবা সেই ঘটনার কিছুই জানতেন না। তিনি শুধু বলেছেন— ছোটবেলার বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাক। কয়েক মাস ধরে ওদের সঙ্গে আমার তেমন যোগাযোগ নেই। সম্ভবত সে কারণে সৌরভের এমন প্রতিক্রিয়া।
এ বিষয়ে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, সনি সিনেমা হলের সামনে মারধরের অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা যাচাই করা হচ্ছে।
তাসকিনকে ঘিরে অভিযোগ ওঠার ঘটনায় বিসিবিও নজর দিয়েছে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালক ফতেখার রহমান মিঠু বলেন, খবরটি আমরা সকালে মিডিয়ায় দেখেছি। আমাদের আমিনুল ইসলাম বুলবুল এবং ফাহিম ভাইও দেখেছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনা সত্য হলে তা অত্যন্ত দুঃখজনক। একজন আইকন খেলোয়াড়ের এমন কিছুতে জড়ানো উচিত নয়। তদন্ত ছাড়া এ নিয়ে মন্তব্য করতে চাই না।
সূত্রঃ ইত্তেফাক
