লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের উত্তরাঞ্চলে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় মিসগাভ আম, তেশুবা ও গাদেরের মতো বসতিগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরতে গিয়ে মারগালিওটের মেয়র আবেগাপ্লুত হয়ে পড়েন।
বুধবার উত্তরাঞ্চলের স্থানীয় কাউন্সিল প্রধানদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জুমের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে তিনি মেয়রদের উদ্দেশে বলেন, বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়া ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
এ সময় মেয়র আভিচাই স্টার্ন অভিযোগ করেন, হিজবুল্লাহর হামলায় ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, অথচ সরকার সীমান্তবর্তী এলাকাগুলোকে যথাযথ সহায়তা দিচ্ছে না। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘কোনো দেশ আমাদের পাশে নেই, সবকিছু ধ্বংস হয়ে গেছে।’
তিনি আরও বলেন, সরকার হয় পরিস্থিতি সামাল দিতে অক্ষমতা স্বীকার করুক, না হয় দ্রুত কার্যকর পদক্ষেপ নিক। নেতানিয়াহু সরকারের তীব্র সমালোচনা করে তিনি পরিস্থিতিকে ‘বড় ধরনের ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে সীমান্ত ও অভ্যন্তরীণ বিভিন্ন স্থানে ৮২টি অভিযান চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। তারা জানিয়েছে, ইসরাইলি বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে এসব হামলা চালানো হচ্ছে এবং এতে দুটি ট্যাংক ধ্বংস করা হয়েছে।
বর্তমানে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায়, বিশেষ করে কানতারা ও মিনিয়ারা শহরে ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে তীব্র সংঘর্ষ অব্যাহত রয়েছে।
সূত্রঃ আমার দেশ
