আলাস্কায় পুতিন-ট্রাম্প বৈঠক, চুক্তি না হলেও আশাবাদী দুই নেতা
ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের আলাস্কায় মুখোমুখি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠকের পর এটিকে ‘ইতিবাচক’ বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প।
স্থানীয় সময় শুক্রবার (১৫ আগস্ট) বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আলোচনা ফলপ্রসূ হলেও এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে তিনি আশা প্রকাশ করেন, এ বৈঠকের মাধ্যমে ভবিষ্যতে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি সম্ভব হতে পারে।
ট্রাম্প জানান, তিনি শিগগিরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটো মিত্রদের সঙ্গে আলোচনা করবেন। তার ভাষায়, “চুক্তি শেষ পর্যন্ত তাদের সম্মতির ওপর নির্ভর করবে।”
সংবাদ সম্মেলনে প্রথমে বক্তব্য রাখেন পুতিন। তিনি বলেন, দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে, যদিও বিস্তারিত প্রকাশ করেননি। তার মতে, দীর্ঘস্থায়ী কোনো চুক্তি করতে হলে ইউক্রেন যুদ্ধের পেছনের মৌলিক কারণগুলোর সমাধান প্রয়োজন।
যুদ্ধকে ‘একটি ট্রাজেডি’ আখ্যা দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, “শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের মূল কারণগুলো দূর করতে হবে।” একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিতও দেন। তার ভাষায়, “আজকের বৈঠক শুধু ইউক্রেন সংকট সমাধানের সূচনা নয়, বরং রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে বাস্তবসম্মত সম্পর্কেরও নতুন দিগন্ত খুলবে।”
পুতিন ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, উভয় পক্ষকে ফলাফলমুখী হতে হবে।
এরপর বক্তব্য দেন ট্রাম্প। তিনি জানান, বহু বিষয়ে তারা একমত হলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য থাকায় চুক্তি হয়নি। তবু আলোচনায় অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। “চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই,” যোগ করেন ট্রাম্প।
সংবাদ সম্মেলনের শেষ দিকে পুতিন ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। উত্তরে ট্রাম্প জানান, তারও মনে হয় মস্কোয় এমন বৈঠক হতে পারে।
তবে এদিনের সংবাদ সম্মেলনে দুই নেতাই সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি।
সূত্রঃ একুশে
