বিতর্কিত নির্বাচন দেশের ভবিষ্যৎকে অনিশ্চিত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, আজ যারা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে নানা ধরনের বক্তব্য ছড়াচ্ছে, তারা জনগণের শক্তি নয়। তারা হয়তো নির্বাচনী প্রক্রিয়াকে বিলম্বিত বা বানচাল করার অপচেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ সবসময় ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থেকেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের চলমান রাজনীতিতে বেগম খালেদা জিয়া দিকনির্দেশনা দিচ্ছেন। তার নেতৃত্বে বিএনপি আলোচনা ও ঐক্যের মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রায় অটল রয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হলে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় ঐক্যে রূপান্তর করতে হবে।
নির্বাচন প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে সালাহউদ্দিন জানান, যারা নির্বাচন বিলম্ব বা বাধাগ্রস্ত করতে বিভ্রান্তিকর যুক্তি দিচ্ছে, জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। গণতন্ত্রকে পিছনে টেনে নেওয়ার কোনো চেষ্টা সফল হবে না।
অনুষ্ঠানে যুবদলের সাধারণ সম্পাদক নরুল ইসলাম নয়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সিনিয়র সভাপতি রেজাউল করিম পল, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলসহ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবদলের নেতৃবৃন্দ।
সূত্রঃ কালবেলা
