ইরানের হামলায় ‘মর্মান্তিক ক্ষতির’ কথা স্বীকার করলেন নেতানিয়াহু
ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে বড় ধরনের ক্ষতির কথা স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (১৮ জুন) এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমরা মর্মান্তিক ক্ষতির সম্মুখীন হচ্ছি। ইরানের হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে।”
দ্য টাইমস অব ইসরায়েল সূত্রে প্রকাশিত বক্তব্যে নেতানিয়াহু আরও বলেন, “আমাদের অভ্যন্তরীণ ফ্রন্ট শক্তিশালী। জনগণ অটল। ইসরায়েল আগের যেকোনো সময়ের তুলনায় এখন আরও শক্তিশালী।”
এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, “গত রাতেও আমাদের মধ্যে সরাসরি কথা হয়েছে। সম্পর্ক অত্যন্ত উষ্ণ ও ঘনিষ্ঠ।”
গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়েও নেতানিয়াহুর হুঁশিয়ারি, “আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না সবাইকে ঘরে ফিরিয়ে আনতে পারি এবং হামাসকে সম্পূর্ণভাবে পরাজিত করা যায়।”
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৪ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। অপরদিকে ইরানের গণমাধ্যম দাবি করছে, ইসরায়েলের পাল্টা হামলায় ইরানে প্রাণ গেছে ৫৮৫ জনের, আহত হয়েছেন ১,৩০০ জনের বেশি।
হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নামের একটি ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংগঠন নিহতের সংখ্যা ৬৩৯ জন বলে জানিয়েছে।
সূত্রঃকালবেলা
