ডি ক্লার্কের দুর্দান্ত ইনিংসে থামল ভারতের জয়রথ
চলতি নারী বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী হলো ক্রিকেটভক্তরা। মুম্বাইয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকার হাইভোল্টেজ ম্যাচে শেষ হাসি হেসেছে প্রোটিয়ারা। ম্যাচের নায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দিয়েছেন নাদিন ডি ক্লার্ক। ৫৪ বলে গড়া তার অপরাজিত ৮৪ রানের ইনিংসেই ৩ উইকেটের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
টস জিতে প্রথমে ব্যাট করে ভারত। ১০২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। সেখান থেকে হাল ধরেন রিচা ঘোষ। আটে নেমে দুর্দান্ত ৯৪ রানের ইনিংস খেলেন তিনি, যার জন্য মাত্র ৭৭ বল মোকাবিলা করতে হয়েছে। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা। রিচার ব্যাটে ভর করেই ভারত অলআউট হওয়ার আগে ২৫১ রানের লড়াকু পুঁজি গড়ে তোলে।
উদ্বোধনী জুটিতে প্রতীকা রাওয়াল (৩৭) ও স্মৃতি মান্ধানা (২৩) তুলে দেন ৫৫ রান। তবে এরপর দ্রুত ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। রিচা ঘোষ প্রথমে আমনজোত কৌর (১৩) এবং পরে স্নেহ রানা (২৪ বলে ৩৩)–এর সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন (৫১ ও ৮৮ রান), যা দলের সংগ্রহ টেনে তোলে।
রান তাড়ায় দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো ছিল না। মাত্র ৮১ রানেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। তবে ওপেনার লরা ভলভার্টের ৭৭ রানের দৃঢ় ইনিংস এবং ক্লোয়ি ট্রাইওনের ৪৯ রানের কার্যকরী অবদানের পর মাঠের চিত্র বদলে দেন নাদিন ডি ক্লার্ক। চাপের মুহূর্তে তার ব্যাটিংই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
এদিন ২৩ রান করার পথে স্মৃতি মান্ধানা গড়েছেন বিশ্বরেকর্ড। ২০২৫ সালে ১৭ ওয়ানডেতে তার রান দাঁড়িয়েছে ৯৮২-তে। প্রথম নারী ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রানের মাইলফলকে পৌঁছানোর দ্বারপ্রান্তে তিনি।
বিশ্বকাপে এটি ছিল ভারতের তৃতীয় ম্যাচ এবং প্রথম হার। পয়েন্ট টেবিলে তারা এখন রয়েছে তৃতীয় স্থানে। সমান পয়েন্ট হলেও নেট রানরেটে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা আছে চতুর্থ স্থানে। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।
সূত্রঃ আমার দেশ
