হাদিকে বহনের উদ্দেশ্যে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স; দুপুরে ছাড়বে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার উদ্দেশ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছেছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। সবকিছু স্বাভাবিক থাকলে দুপুর দেড়টার দিকে তাকে বহন করে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করবে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, অসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি আজই আহত ওসমান হাদিকে নিয়ে ঢাকা ছাড়বে। এর আগে রোববার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর জন্য প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রেস উইং আরও জানায়, ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। পাশাপাশি তার চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গত কয়েকদিন ধরে সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এদিকে, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান ড. ইউনূসকে জানিয়েছেন, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং বড় কোনো পরিবর্তন হয়নি।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় রিকশায় করে যাওয়ার সময় শরিফ ওসমান হাদি সন্ত্রাসী হামলার শিকার হন। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *