পুলিশের সামনেই ছাত্রলীগের মিছিল, এসআইকে প্রত্যাহার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে প্রকাশ্যে মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনার পর সিরাজদিখান থানার এসআই মো. কামরুজ্জামানকে ক্লোজড করা হয়েছে এবং পুলিশ তিনজনকে আটক করেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় হঠাৎ করেই মিছিলটি বের হয়। অভিযোগ রয়েছে—মিছিলটি পুলিশের সামনেই অনুষ্ঠিত হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন দেওয়ান (৫৪), মো. সোহেল শেখ (৩৫) এবং মন্টু ভুঁইয়া (৩০)।

স্থানীয়দের দেওয়া তথ্যে জানা যায়, ইমামগঞ্জ বাজার এলাকায় যুবলীগের সিরাজদিখান উপজেলা যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা ওই মিছিল বের করেন।

এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত যায়। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মিছিলকারীরা গাড়ি থেকে নেমে দ্রুত পালিয়ে যায়। মিছিলকারীদের আটক করতে না পারায় এসআই মো. কামরুজ্জামানকে ক্লোজড করে মুন্সীগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সূত্রঃ কালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *