সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের অনুরোধ জানালেন মির্জা ফখরুল

সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ নির্ধারণ হয়েছে। সংস্কার সনদে স্বাক্ষর করা রাজনৈতিক দলগুলোর ঐক্যের মাধ্যমে আমরা একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সবাইকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাই। তিনি আরও বলেন, ছোটখাটো মতভেদ দূরে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা এখন সময়ের দাবি।

সংবাদপত্রের স্বাধীনতা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ১৯৭৫ সালের বাকশাল শাসন সংবাদপত্রের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে দমন করেছিল। অনেক সাংবাদিক তখন বেকার হয়ে পড়েছিলেন, কেউ কেউ হকারিও করেছেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সংবাদমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।

বিগত সরকারের আমলে দমন-পীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের সময় বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, ২০ হাজারেরও বেশি নেতাকর্মী নিহত হয়েছেন, অনেককে গুম করা হয়েছে। জনগণ এমন বাংলাদেশ চায় না— তারা এমন এক গণতান্ত্রিক দেশ চায়, যা বিদেশি প্রভাবমুক্ত ও জনগণের ইচ্ছায় পরিচালিত।

সূত্রঃ কালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *