জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আসিফ নজরুল প্রধান উপদেষ্টার পদ নিতে চেয়েছিলেন। এখন দায়িত্ব তার কোর্টে, দেখা যাক তিনি কীভাবে তা সামাল দেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক হলে এনসিপি আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপনি আপনার উপদেষ্টাদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে দাঁড়িয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিন। সেদিন শহীদ পরিবারের সদস্য ও আহতদেরও সঙ্গে রাখুন। এনসিপি সেদিনই সনদে স্বাক্ষর করবে।
তিনি জানান, জুলাই সনদ বর্তমানে আইন কমিশনের কাছে আছে। আমরা দেখতে চাই ড. আসিফ নজরুল কোনো বিলম্ব না করে জনগণের স্বার্থে দ্রুত এর বাস্তবায়নে ভূমিকা রাখেন এবং প্রধান উপদেষ্টাকে নিয়ে শহীদ মিনারে আসেন, বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদন জমা দেওয়া জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন। জুলাই সনদে স্বাক্ষর না হলে এটি হারিয়ে যাওয়ার আশঙ্কা ছিল। এনসিপি ঝুঁকি নিয়েই অবস্থান নিয়েছিল, এখন জনগণ তার ফল পাচ্ছে।
বাহাত্তরের সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, এই পুরনো সংবিধান দিয়ে দেশ চলতে পারে না। এটি আমাদের ভাইদের হত্যার বৈধতা দিয়েছে।
রাজনৈতিক পরিস্থিতি ইঙ্গিত করে তিনি বলেন, যারা রক্তের রাজনীতি করতে চায়, তাদের মানুষ ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দেবে। দলীয় দাস হিসেবে সংস্কার ঠেকাতে চাওয়া কেউই নিরাপদ প্রস্থান পাবে না—জনগণই তাদের বিচার করবে।
সরকার গঠনের বিষয়ে আশাবাদ জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমরা ক্যান্টনমেন্টের পেছনের দরজা দিয়ে বা বিদেশি দূতাবাসের সহায়তায় ক্ষমতায় যেতে চাই না। জনগণের ভোটেই আমরা সরকার গঠন করতে চাই, কারণ আমরা জনগণের ম্যান্ডেটেই বিশ্বাসী।
বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার অকার্যকর। এনসিপি কোনো ‘লাউ-কদুর নির্বাচন’ চায় না। বিএনপি-জামায়াত এখন নাটক করছে—এক দল ভারতের দিকে, আরেক দল পাকিস্তানের দিকে তাকিয়ে আছে।
সূত্রঃ একুশে
