সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরে ফেরা মানুষের যাত্রা এবার আগের তুলনায় অনেক বেশি স্বস্তিদায়ক ও নিরাপদ হয়েছে। তার দাবি, গণপরিবহনে সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে এবং যাত্রীরাও নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন।
মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, বর্তমানে টার্মিনালের পরিবেশ আগের চেয়ে অনেক উন্নত। সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই বলেও জানান তিনি। যাত্রীদের দুর্ভোগ কমাতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
চলন্ত বাসে ওঠার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অনেক যাত্রী ঝুঁকি নিয়েই চলন্ত গাড়িতে ওঠার চেষ্টা করেন। কেউ সচেতনভাবে অভিযোগ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সড়কের ওপর পশুর হাট বসানোর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন সড়কমন্ত্রী। তিনি বলেন, কিছু এলাকায় পশুর হাটের অতিরিক্ত চাপ সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ছে, যা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। ঈদযাত্রা ও পশু পরিবহন—দুই ক্ষেত্রেই নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকার।
তিনি আরও বলেন, অনেক যাত্রী নিজেদের নিরাপত্তার বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। তারপরও অন্যান্য বছরের তুলনায় এবার মানুষ অনেক বেশি স্বস্তিতে এবং নির্ধারিত ভাড়ায় বাড়ি ফিরতে পারছেন।
সবশেষে যাত্রীদের আরও সচেতন হয়ে যাতায়াত করার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
সূত্রঃ ইত্তেফাক
