ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছানো হয়েছে। নতুন করে আগামী ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, এদিন অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা প্রতিবেদন দাখিল করতে পারেননি। ফলে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনি প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার সময় পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল–এ নেওয়া হয়।
সেখানে অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতাল ঢাকা–তে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। তার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।
তদন্ত শেষে গত ৬ জানুয়ারি সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সাল করিম মাসুদ–সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ।
তবে ডিবির দেওয়া অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে গত ১৫ জানুয়ারি নারাজি আবেদন করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
সূত্রঃ আমার দেশ
