প্রধানমন্ত্রীকে বেইজিং সফরে আনুষ্ঠানিক আমন্ত্রণ: জানালেন হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে তিনি প্রধানমন্ত্রীর প্রতি বেইজিং সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে চীনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছাবার্তাও পৌঁছে দেওয়া হয়। তবে সম্ভাব্য সফরের তারিখ এখনো নির্ধারিত হয়নি।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, বাংলাদেশ-চীন সম্পর্কের ভিত্তি ঐতিহাসিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে এ সম্পর্কের সূচনা এবং ক্রমান্বয়ে তা সম্প্রসারিত হয়েছে। বর্তমানে চীন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। অতীত সরকারের সময় শুরু হওয়া বিভিন্ন প্রকল্প ও সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখা এবং পারস্পরিক স্বার্থে সম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতবিনিময় হয়।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *