চাঁদাবাজি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন আইজিপি বাহারুল আলম। তিনি স্পষ্টভাবে জানান, যে কোনো পরিস্থিতিতেই আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে এবং অপরাধী যে-ই হোক, দল বা পরিচয় বিবেচনা না করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদরদপ্তর থেকে আয়োজিত এক ভার্চুয়াল বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। সভায় পুলিশের বিভিন্ন ইউনিটপ্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপাররা যুক্ত ছিলেন।
আইজিপি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের কোনো ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না। কেউ অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
মহাসড়কে ডাকাতি প্রতিরোধের বিষয়েও তিনি কড়া নির্দেশনা দেন। হাইওয়ে পুলিশকে সক্রিয় তৎপরতা বাড়াতে বলা হয় এবং জেলা পুলিশকেও মহাসড়কে অপরাধ দমনে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়। তার সঙ্গে বৈঠকে সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিরাও উপস্থিত ছিলেন।
সূত্রঃ একুশে
