জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবা আগামী রোববার (২৫ জানুয়ারি) থেকে পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে। এ তথ্য বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
তিনি জানান, রোববার থেকে নাগরিকরা এনআইডিতে থাকা সব ধরনের তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা আবেদনগুলোর নিষ্পত্তিও শুরু হবে।
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কাজ নির্বিঘ্ন করতে গত ২৪ নভেম্বর বিকেল ৪টা থেকে এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে এ সময় জরুরি ও বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে সেবা অব্যাহত রেখেছিল নির্বাচন কমিশন।
ইসি সূত্র জানিয়েছে, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করেই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। ফলে ২৫ জানুয়ারি থেকে সংশোধন কার্যক্রম পুনরায় শুরু হলে নতুন ভোটারদের এনআইডিতে থাকা ভুল তথ্য সংশোধন বা প্রয়োজনীয় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হবে।
সূত্রঃ কালবেলা
