রামপুরায় ২৮ জন হত্যার ঘটনায় বিজিবি কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন
চব্বিশ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় সংঘটিত ২৮ জনের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল পৌনে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তরে এই অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটর ফারুক আহমেদ।
অন্য অভিযুক্তরা হলেন—রাফাত বিন আলম মনু, রাশেদুল ইসলাম ও মশিউর রহমান।
চব্বিশ সালের ওই আন্দোলনের সময় রামপুরায় বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়, যাতে ঘটনাস্থলেই প্রাণ হারান ২৮ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল ইসলামকে আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি চালাতে দেখা যায়। ঘটনায় আরও অনেকে আহত হন।
উক্ত সময় ছাত্র-জনতা এবং সাধারণ মানুষের অংশগ্রহণে সরকারবিরোধী এক গণআন্দোলনের মুখে পড়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। আন্দোলন দমন করতে দলীয় ক্যাডার, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ সমন্বিতভাবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল বলে অভিযোগ ওঠে।
এই ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর বিচার এখন দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে।
সূত্রঃ একুশে
