বনানীতে শাহজাহান হত্যা: তিন সাবেক মন্ত্রী ও এক মেয়রকে গ্রেপ্তার দেখাল আদালত
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বনানীতে শাহজাহান হত্যা মামলায় তিন সাবেক মন্ত্রী ও ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
বুধবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক মো. ইয়াছির আরাফাত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
গ্রেপ্তার দেখানো চারজন হলেন—
- সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন
- সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী
- সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক
- ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা গেছে, এদিন চারজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তদন্ত কর্মকর্তা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা অনুমোদন করেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে শাহজাহান মহাখালী ফ্লাইওভারের নিচে এক শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন। অভিযোগ রয়েছে, ওই সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলে হামলা চালায়। শাহজাহান বুকে ও পেটে গুলিবিদ্ধ হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরে গত ১৮ ডিসেম্বর নিহত শাহজাহানের মা সাজেদা বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।
সূত্রঃ আমার দেশ
