নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে: প্রধান উপদেষ্টা

নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় সব কিছু করা হবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “নির্বাচন শান্তিপূর্ণ করতে যা কিছু প্রয়োজন, আমরা তা করব।”

মঙ্গলবার (২১ অক্টোবর) বিএনপি নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন। বৈঠকে সরকারের নির্বাচন-সংক্রান্ত প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

প্রধান উপদেষ্টা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনে প্রয়োজনীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধানে সম্পন্ন হবে। জেলা প্রশাসক পদে নিয়োগের ক্ষেত্রে দক্ষতা ও নিরপেক্ষতার ভিত্তিতে কর্মকর্তা নির্বাচন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “আমাদের দায়িত্ব হলো নিরপেক্ষ থাকা। নির্বাচন একটি বড় আয়োজন। সেখানে যিনি শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে সক্ষম, তাকেই দায়িত্ব দেওয়া হবে। এটি আমার সরাসরি তত্ত্বাবধানে থাকবে।”

বৈঠকে বিএনপির নেতারা নির্বাচনী দায়িত্বে অতীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সময় যুক্ত ছিলেন—এমন বিতর্কিত কর্মকর্তাদের দায়িত্ব থেকে বিরত রাখার আহ্বান জানান। এছাড়া প্রশাসনিক রদবদলে নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি তোলেন তারা।

পুলিশের নিয়োগ ও বদলিপ্রক্রিয়া নিয়েও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন বিএনপি নেতারা।

এছাড়াও, জাতিসংঘ সাধারণ অধিবেশনে রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত করা এবং ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর সফল আয়োজন করায় সরকারকে অভিনন্দন জানায় বিএনপি।

তবে দেশের বিভিন্ন স্থাপনায় সম্প্রতি ঘটে যাওয়া একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি নেতারা। এসব ঘটনার পেছনে কোনো অন্তর্ঘাত আছে কি না, তা খতিয়ে দেখার জন্য তদন্তের আহ্বান জানান তাঁরা।

বিএনপির পক্ষে বৈঠকে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

উল্লেখ্য, চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আগামীকাল বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *