খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতা সড়ক অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করলো
খাগড়াছড়িতে চলমান সড়ক অবরোধ কর্মসূচি সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে জুম্ম ছাত্র জনতা। শনিবার (৪ অক্টোবর) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই সিদ্ধান্তের কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “মানবিক বিবেচনা ও প্রশাসনের আশ্বাসকে আংশিকভাবে মূল্যায়ন করে” তারা এই অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আগামীকাল, ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকা অবরোধ কার্যক্রমও আর চালু হচ্ছে না।
অবরোধ পুরোপুরি প্রত্যাহার হওয়ায় খাগড়াছড়িতে জারি থাকা ১৪৪ ধারা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে বলে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে।
পটভূমি: ধর্ষণের অভিযোগ ঘিরে সংঘর্ষ ও সহিংসতা
গত ২৩ সেপ্টেম্বর এক কিশোরী স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ২৭ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ডাকে জুম্ম ছাত্র জনতা।
এই অবরোধ ঘিরে ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর ও গুইমারা এলাকায় ব্যাপক সহিংসতা, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে তিনজন পাহাড়ি নিহত হন এবং বহু মানুষ আহত হন।
সহিংসতায় গুইমারার রামসু বাজার ও আশপাশের এলাকায় দোকানপাট ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। খাগড়াছড়ি জেলা সদরের মহাজনপাড়া, নারিকেল বাগান ও স্বনির্ভর বাজারে বহু ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের শিকার হয়।
ধর্ষণের প্রমাণ মেলেনি, মামলা হয়েছে তিনটি
তবে স্কুলছাত্রীর ধর্ষণের অভিযোগের বিষয়ে তদন্তকারী তিন সদস্যের চিকিৎসক দল শরীরে ধর্ষণের কোনো আলামত পায়নি বলে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সংঘটিত সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও সহিংসতার অভিযোগে তিনটি মামলা দায়ের করে। মামলাগুলোর আসামির তালিকায় রয়েছে হাজারেরও বেশি অজ্ঞাত ব্যক্তি।
সূত্রঃ একুশে
