ক্রিকেটের জন্য এসেছি, রাজনীতির জন্য না— বিসিবি নির্বাচনে শানিয়ান তানিম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন সামনে রেখে রাজনীতি যখন তীব্র হয়ে উঠেছে, তখন ক্যাটাগরি-২ থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী শানিয়ান তানিম নাভিন নিজেকে ‘রাজনীতির বাইরের মানুষ’ বলে দাবি করেছেন। তার কথায়, এই নির্বাচনে তিনি এসেছেন কেবল ক্রিকেটের স্বার্থে, কোনো গোষ্ঠীগত বা দলীয় রাজনীতির অংশ হতে নয়।
তানিম জানিয়েছেন, দীর্ঘদিনের বন্ধু তামিম ইকবালের নির্বাচন থেকে সরে দাঁড়ানো তাঁকে গভীরভাবে আঘাত করেছে। শনিবার বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি বলেন,
তামিম না থাকাটা আমাকে ব্যক্তিগতভাবে খুব কষ্ট দিয়েছে। আমি এবং আরও অনেকে তাকে বোঝানোর চেষ্টা করেছি যেন সিদ্ধান্ত বদলান। কিন্তু তিনি নিজের সিদ্ধান্তেই ছিলেন অনড়।
তানিমের মতে, তামিম শুধু একজন প্রার্থী নন, বরং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অংশ। তার অংশগ্রহণ নির্বাচনের মান এবং ক্রিকেট প্রশাসনের প্রতি আগ্রহ, দুটোই বাড়িয়ে দিতো।
আমি মনে করি, তামিম থাকলে এই নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো।— বলেন তিনি।
নির্বাচন নয়, লক্ষ্য পেশাদার ক্রিকেট কাঠামো
শানিয়ান তানিম মনে করেন, বিসিবির নির্বাচন শুধু জয়-পরাজয়ের খেলা নয়, বরং এটি দেশের ক্রিকেটের ভবিষ্যতের দিক-নির্দেশনা নির্ধারণ করে। তাই প্রক্রিয়াটি যেন স্বচ্ছ হয়, সেটা নিশ্চিত করাও জরুরি।
আমার লক্ষ্য কেবল জয় নয়, আমি চাই যোগ্যরা উঠে আসুক। সুযোগ পেলে আমি ক্রিকেটকে পেশাদার কাঠামোয় এগিয়ে নিতে কাজ করবো।
বিপিএল নিয়ে স্পষ্ট অবস্থান
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বারবার যে অভিযোগগুলো উঠেছে—স্বচ্ছতার অভাব, পেশাদারিত্বের ঘাটতি—তা নিয়েও কথা বলেন তানিম।
বিপিএল আমাদের সবচেয়ে বড় মঞ্চ হতে পারতো, কিন্তু তা হয়নি। আমি চাই, এটি যেন আন্তর্জাতিক মানে পৌঁছায়। এতে দেশের ক্রিকেটের পাশাপাশি অর্থনৈতিক ভিত্তিও মজবুত হবে।
প্রতিযোগিতা তীব্র, কিন্তু দরকার সঠিক নির্বাচন
এবার ক্যাটাগরি-২ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন, নির্বাচিত হবেন ১২ জন। প্রতিযোগিতা স্বাভাবিকভাবেই তীব্র। তবে তানিম এটিকে দেখছেন ইতিবাচকভাবে।
বেশি প্রার্থী মানে বিকল্প বেশি, সেখান থেকেই কাউন্সিলররা যোগ্যদের বেছে নেবেন বলে আমি বিশ্বাস করি।
তিনি আরও বলেন,
ক্রিকেট মাঠে প্রতিপক্ষ দৃশ্যমান, কিন্তু নির্বাচনে রয়েছে নানা অদৃশ্য চাপ ও কৌশল। তারপরও আমি বিশ্বাস করি, যারা ক্রিকেটকে ভালোবাসেন, তারা সঠিক সিদ্ধান্ত নেবেন।
শেষে তামিম প্রসঙ্গে ফের বলেন,
তামিম থাকলে নির্বাচনটি আরও সমৃদ্ধ হতো। আমি সত্যিই দুঃখিত যে তাকে পাশে পেলাম না।
নিজেকে ‘ক্রিকেটের মানুষ’ পরিচয় দিয়ে শানিয়ান তানিম বলেন, তার লক্ষ্য ক্রিকেটারদের উন্নয়ন, অবকাঠামোর আধুনিকায়ন এবং ঘরোয়া ক্রিকেটকে প্রতিযোগিতামূলক করে তোলা।
এই প্রক্রিয়ার একজন অংশীদার হতে চাই— বলেই শেষ করেন তিনি।
সূত্রঃ ইত্তেফাক
