স্বৈরতন্ত্রের ইঙ্গিত মিললেই প্রতিরোধ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

স্বৈরাচারের ইঙ্গিত মিললেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

স্বৈরশাসনের যে কোনো ইঙ্গিত দেখলেই তা দমন করার জন্য জনগণের মধ্যে প্রস্তুতি ও ঐক্যের বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, যুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে—স্বৈরাচার মাথাচাড়া দেওয়ার আগেই প্রতিরোধ গড়তে হবে।

মঙ্গলবার (১ জুলাই) ‘জুলাই বিপ্লবের’ প্রথম বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, এক বছর আগে এই জুলাইয়ে দেশের সকল শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে। সেই ঐক্য যেন অটুট থাকে, এটাই আমাদের শপথ। ১৬ বছর অপেক্ষা না করে যেন যেকোনো স্বৈরাচারী প্রবণতা প্রথম দিকেই দমন করা যায়, এটাই হোক জুলাইয়ের শিক্ষা।

তিনি জানান, ১৬ বছর পর জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে মুক্তি এসেছে, তা শুধুই স্বৈরতন্ত্রের পতন নয়—এর পেছনে ছিল একটি বৃহৎ স্বপ্ন, নতুন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা।

প্রধান উপদেষ্টা বলেন, জুলাই মাস আমাদের মনে করিয়ে দেয় গণতান্ত্রিক চেতনাকে জাগ্রত রাখতে হবে প্রতিনিয়ত। এটি শুধুই আবেগের নয়, কর্মের সময়। প্রতিবছর আমরা এ সময়কে স্মরণ করব যেন আর কখনও স্বৈরশাসনের বিরুদ্ধে জেগে উঠতে দেরি না হয়।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এই জাগরণ আমাদের ভবিষ্যতের পথ দেখিয়েছে। ‘ফ্যাসিবাদের অবসান ও রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া’—এই মর্মবাণী থেকেই আমাদের প্রতিজ্ঞা হোক নতুন বাংলাদেশের।

‘জুলাই-আগস্ট পুনরুত্থান কর্মসূচি’ সফল হোক, এই কামনা জানিয়ে তিনি বলেন, এই স্মরণমালা যেন নতুন করে স্বপ্ন ও ঐক্য জাগিয়ে তোলে।

এর আগে, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ‘জুলাই স্মৃতি উদ্‌যাপন’ উপলক্ষে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলবে কর্মসূচি। প্রথম দিনে সব ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার পাশাপাশি ‘জুলাই ক্যালেন্ডার’ প্রকাশ এবং গণস্বাক্ষর কর্মসূচির সূচনা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘জুলাই শহীদদের’ নামে একটি শিক্ষাবৃত্তিও চালু করা হচ্ছে।

সমাপনী দিবস ৫ আগস্ট, যেটি ‘৩৬ জুলাই’ নামে উদ্‌যাপন করা হবে। ওই দিন দেশব্যাপী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, বিজয় মিছিল, ডকুমেন্টারি প্রদর্শনী, গানের অনুষ্ঠান ও ড্রোন শোসহ থাকবে নানা আয়োজন।

উল্লেখ্য, গত বছর ছাত্র-জনতার যৌথ আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর আগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতৃত্বে জুলাই মাসজুড়ে চলা গণআন্দোলনই ‘জুলাই বিপ্লব’ নামে পরিচিতি পায়।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *