টিসিবির তেল কিনতে গুনতে হবে অতিরিক্ত ৩৫ টাকা প্রতি লিটার

টিসিবির পণ্য বিক্রি শুরু বৃহস্পতিবার, ফ্যামিলি কার্ডধারীদের জন্য বেড়েছে তেল-চিনি-ডালের দাম

সারা দেশে ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে আবারও ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বৃহস্পতিবার, ২২ মে থেকে শুরু হবে এই কার্যক্রম। তবে ঈদুল আজহাকে সামনে রেখে এবার তেল, চিনি ও ডালের দাম বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে।

বুধবার (২১ মে) টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্যামিলি কার্ডধারীরা আগে যে তেল ১০০ টাকায় কিনতেন, সেটির দাম এখন প্রতি লিটার ১৩৫ টাকা। ডালের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা এবং চিনির দাম ৭০ টাকা থেকে ৮৫ টাকায় নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এক মাসের ব্যবধানে তেলের দাম লিটারে ৩৫ টাকা, ডালের কেজিতে ২০ টাকা ও চিনির কেজিতে ১৫ টাকা বেড়েছে।

স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি, এবার সাধারণ ভোক্তারাও টিসিবির বিশেষ ট্রাকসেল থেকে ঈদের পণ্য কিনতে পারবেন। তবে সবার জন্যই দাম বাড়তি রাখা হয়েছে।

প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায় ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। এসব ট্রাকে পাওয়া যাবে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল। ঢাকায় থাকবে ৫০টি, চট্টগ্রামে ২০টি, বিভাগীয় শহরে প্রতিটিতে ১০টি এবং ৫৬টি জেলা শহরে প্রতিদিন ১০টি করে ট্রাক ঘুরে ঘুরে পণ্য বিক্রি করবে।

পণ্য বিক্রি চলবে ২২ মে থেকে ৩ জুন পর্যন্ত, সপ্তাহের সবদিনই (শুক্রবার ও ছুটির দিনসহ) এই কার্যক্রম চালু থাকবে।

একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার তেল, ১ কেজি চিনি এবং ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

এদিকে পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে জানতে চাইলে টিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকার ভর্তুকির মাধ্যমে পণ্য বিক্রি করায় বিপুল পরিমাণ ব্যয় বহন করছে। সেই খরচ কিছুটা কমাতে মূল্য সামান্য সমন্বয় করা হয়েছে। তাছাড়া বাজারে তেলের মূল্যও বেড়েছে, তাই টিসিবির তালিকায়ও সেটি প্রতিফলিত হয়েছে।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *