গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ পর্যন্ত শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ২৪টি মামলা করেছে সংস্থাটি। পাশাপাশি সাতটি মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। এসব মামলার একটিতে আদালত ৩৬ বছরের কারাদণ্ডও দিয়েছেন। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দুদক। সংস্থাটি জানিয়েছে, তাকে দেশে ফিরতে হলে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং পরবর্তী সময়ে বিচারের মুখোমুখি হতে হবে।
দুদক সচিব সাইদুর রহমান খান বলেন, ‘যদি উনি আইনি মোকাবিলায় না আসেন, তাহলে আইনগতভাবে আনার যে উদ্যোগ আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে প্রক্রিয়া অবলম্বন করা দরকার, সে প্রক্রিয়া অবলম্বন করব।’
এদিকে বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে ১ হাজার ৩৫ কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেন এবং প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়ায় অভিযোগপত্র জমা দিয়েছে দুদক।
এ বিষয়ে সাইদুর রহমান খান জানান, অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(৩) ধারায় অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।
অন্যদিকে, গ্রাহকদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে সুবাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হককে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। একই অভিযোগে সংস্থাটির তলব সত্ত্বেও হাজির হননি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবিদুর রহমান এবং পরিচালক রেজাউল হক সিরাজী।
