গোপালগঞ্জে সশস্ত্র ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে: তথ্য উপদেষ্টা

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় অস্ত্র হাতে যাদের দেখা গেছে, ভিডিও ফুটেজ ও ছবির মাধ্যমে তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বর্তমানে আওয়ামী লীগের ব্যানারে কোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ কিংবা রাজনৈতিক কর্মসূচি পালন সম্পূর্ণ নিষিদ্ধ ও বেআইনি।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তথ্য উপদেষ্টা জানান, সেখানে অস্ত্র নিয়ে মিছিলে অংশ নেওয়া এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে শনাক্তের কাজ চলছে। চিহ্নিত ব্যক্তিদের গ্রেপ্তারে যৌথ বাহিনী ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নাম ব্যবহার করে অগ্নিসংযোগ, সহিংসতা এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলার মতো অপরাধ সংঘটিত হয়েছে। সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়—এমন কোনো কর্মকাণ্ড সরকার মেনে নেবে না।

আওয়ামী লীগের সাংগঠনিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দলটির কিছু ‘নন-পলাতক’ নেতাকর্মী পলাতক নেতাদের নির্দেশনা ও উসকানিতে আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।

তিনি আরও সতর্ক করে বলেন, পলাতক নেতাদের প্ররোচনায় যারা অপরাধমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন, তাদের নিজেদেরই এসব অপরাধের দায় নিতে হবে। এ ধরনের তৎপরতা থেকে অবিলম্বে সরে আসার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *