বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াকে তলব করে দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (১৮ অক্টোবর) সৌদি রাষ্ট্রদূতকে ডেকে এ বিষয়ে জানতে চাওয়া হয়।
সৌদি আরবের মক্কায় একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে গত ১৪ অক্টোবর নজরুল ইসলাম ও সুইটি আখতারের মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটির কর্তৃপক্ষ।
এ ঘটনায় শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
তিনি জানান, মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশ মিশনকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। কেন মিশনকে অবহিত করা হয়নি এবং প্রকৃতপক্ষে কী ঘটেছিল, তা এখনো স্পষ্ট নয়।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ঘটনার বিস্তারিত বিবরণ এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া সম্পর্কে তথ্য জানতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সৌদি কর্তৃপক্ষের জবাব পাওয়ার পর পরবর্তী করণীয় নির্ধারণ এবং নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
